উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ মুখোমুখি হবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালির ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মিউনিখে শুরু হবে ইউরোপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এ ম্যাচ। ইন্টার মিলান চতুর্থ ও পিএসজি প্রথম শিরোপার আশায় খেলবে।

এর আগে ১৯৬৪, ১৯৬৫ ও ২০১০ সালে ইউরোপিয়ান মুকুট জয় করে ইন্টার মিলান। লুই এনরিকের পিএসজি প্রথম শিরোপা জয়ের আশা নিয়ে মাঠে নামছে। বার্সেলোনার সাবেক কোচ এনরিকে দায়িত্ব নেয়ার পর পিএসজির তারুণ্যনির্ভর দলটির খেলায় এনেছেন বড় পরিবর্তন। তাদের অলআউট অ্যাটাক, হাই প্রেসিং ফুটবল মুগ্ধ করছে দর্শকদের। বিশেষ করে নকআউট পর্বে তাদের খেলা ছিল আকর্ষণীয়। ফাইনালে তারাই ফেভারিট হিসেবে নামছে।

ফ্রান্সের একমাত্র দল হিসেবে ইউরোপিয়ান মুকুট জিতেছে শুধু অলিম্পিক মার্সেই। ১৯৯৩ সালের সেই ফাইনালও হয়েছিল মিউনিখে, কাকতালীয় হলেও সেবার মার্সেই হারিয়েছিল মিলানেরই আরেক জায়ান্ট এসি মিলানকে। সেই সঙ্গে ২০২৫ সালের সেরা দল পিএসজি। সব কিছুর বিচারে, এনরিকের শিষ্যদের হাতে শিরোপা উঠলে কেউ অবাক হবেন না।