ফিফা নারী বিশ্বকাপে আজ
স্পেনকে গুণে গুণে চার গোল দিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপান। ওয়েলিংটনে আজ তারা ৪-০
গোলে হারায় ইউরোপের অন্যতম সেরা দল স্পেনকে। এই জয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হলো জাপান।
স্পেন গ্রুপ রানার্সআপ। শেষ ষোলোয় জাপান মুখোমুখি হবে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের,
আর স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
স্পেনকে পুরোপুরি বিধ্বস্ত
করে জাপান দেখিয়ে দিল কেন তারা এই আসরের অন্যতম ফেভারিট। জাম্বিয়া ও কোস্টারিকাকে হারিয়ে
আত্মবিশ্বাসী হয়ে ওঠা জাপানি ফুটবলাররা আজ স্পেনের বিপক্ষে সাহসী ফুটবল খেলেছেন। তারা
মাত্র ২৩ শতাংশ বল দখলে রেখেও প্রতিপক্ষকে ৪-০ গোলে হারানোর কৃতিত্ব দেখায়। ব্লু সামুরাইরা
মূলত সুযোগগুলো কাজে লাগাতে সমর্থ হয়েছে। কাউন্টার অ্যাটাকে ভয়ংকর ছিল জাপানিরা। তারা
বল পেলেই ঝাপিয়ে পড়েছে স্পেনের রক্ষণে। অন্যদিকে, ৭৭ শতাংশ বল দখলে রেখেও এত বড় হারের
কী ব্যাখ্যা দেবেন স্পেনের ফুটবলাররা?
২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন
জাপান অনেকটা সহজেই জিতেছে। প্রথমার্ধেই তারা তিনটি গোল পেয়ে যাওয়ায় আর জয় নিয়ে ভাবতে
হয়নি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে জাপানি নারীরা। হিনাতা মিয়াজাওয়া জোড়া গোল করেন।
তিনিই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাম্বিয়ার বিপক্ষেও
তিনি জোড়া গোল করেন।
এছাড়া রিকো উয়েক ও বদলি
খেলোয়াড় মিনা তানাকা লক্ষ্যভেদ করেন।
২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন
জাপান ২০১৫ সালের আসরে ফাইনাল খেলে। সেবার তারা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়। আর
নরওয়ে বিশ্ব শিরোপা জিতেছে ১৯৯৫ সালে।
জাপানি দল ওয়েলিংটনেই অবস্থান করবে।এখানে শনিবার বেলা ২টায় তারা শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি
হবে। আর গ্রুপ রানার্সআপ স্পেন যাবে অকল্যান্ডে, সেখানে শনিবার সকাল ১১টায় দলটি লড়বে
সুইজারল্যান্ডের বিপক্ষে।
এদিকে, মেলবোর্নে আজ কানাডাকে
৪-০ গোলে গুঁড়িয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠল সহ-আয়োজক অস্ট্রেলিয়া। হেইলি
রাসো দুটি এবং ম্যারি ফাউলার ও স্টিফ ক্যাটলি একটি করে গোল করেন। অস্ট্রেলিয়ার এই জয়ে
বিদায় ঘটেছে কানাডার। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে নাইজেরিয়া, যারা আজ গোলশূন্য
ড্র করে নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে। বিশ্বকাপে এই প্রথম পয়েন্ট পেল আইরিশরা।










