ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি ১৬তম আসরে সবার আগে প্লে-অফের টিকিট পাওয়ার পথে রয়েছে গতবার অভিষেক আসরেই শিরোপা জিতে নেয়া গুজরাট লায়ন্স। ১১ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও প্লে-অফে ওঠার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বাকিদের সবারই অনিশ্চয়তা।

 

আজ রাত ৮টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করা দলটির প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে।

 

কলকাতার চেয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে পাঞ্জাব। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা পাঞ্জাব আজ জিতে উঠে যেতে পারে টেবিলের তিনে। জিতলে ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ দাঁড়াবে ১২ পয়েন্ট। সেক্ষেত্রে তারা থাকবে গুজরাট (১১ ম্যাচে ১৬) ও চেন্নাইয়ের (১১ ম্যাচে ১৩) পরেই।  

 

এদিকে, শীর্ষ চারে জায়গা করে নেয়ার লিক্ষ্যে আগামীকাল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলেরই ১০ ম্যাচ থেকে সংগ্রহ ১০ পয়েন্ট। তবে নিট রানরেটের হিসেবে বেঙ্গালুরু পাঁচে ও মুম্বাই ছয় নম্বরে অবস্থান করছে। কাল যে দল জিতবে তাদের তিনে ওঠার সুযোগ রয়েছে।

 

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। আর কখনই শিরোপা জিততে না পারা বেঙ্গালুরু পাঁচ ম্যাচে দুটিতে হেরেছে, জিতেছে তিনটি।   

 

রোববার রাতে রাজস্থান রয়্যালসের করা ২১৪ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার মতোই সানরাইজার্সও দিল্লি ক্যাপিটালসেরও ৮ পয়েন্ট।