ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা (আইপিএল) মুস্তাফিজুর রহমানের কাছে মোটেও নতুন কিছু নয়। এর আগে হায়দরাবাদ সানরাইজার্স, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মতো শীর্ষ দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেবার হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। তবে এবার আইপিএলের শেষ দিকে ডাক পেয়েও বেশ আলোচনায় তিনি। কারণটাও পরিষ্কার। ২০২৫ সালের ১৮তম আইপিএলে নিলামে কেউ কেনেনি বাংলাদেশের পেস তারকাকে। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত ভাগ্য খুলে দেয় মুস্তাফিজের। বিদেশী একাধিক ক্রিকেটার এবারের আইপিএলে ভারতে আর ফিরতে চান না। ফলে জরুরি ডাক পড়ে মুস্তাফিজের। তাকে ৬ কোটি রুপিতে দলভুক্ত করে দিল্লি ক্যাপিটালস। যদিও এত টাকা তিনি পাবেন না। বিসিবির কাছ থেকে মাত্র এক সপ্তাহের জন্য এনওসি পেয়েছেন বলে খেলতে পারবেন দুই থেকে তিন ম্যাচ। সেই হিসেবেই তাকে পারিশ্রমিক দিতে পারে দিল্লি।

আজ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। গতকাল তিনি শারজায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওই ম্যাচ খেলেই উড়াল দেন দিল্লির উদ্দেশে। আজ রাতে দিল্লিতে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ রয়েছে ক্যাপিটালসের। দিল্লি পৌঁছেই তাকে মাঠে নামতে হতে পারে। তবে ভ্রমণক্লান্তির বিষয়টি মাথায় রেখে তাকে আজ দলটি খেলাবে কিনা সে প্রশ্ন তো থাকছেই। আবার বিদেশী ‘কোটা’ পূরণে হয়তো তাকে একাদশে রেখেও দিতে পারে ক্যাপিটালস।

আজকের ম্যাচ ছাড়া ২৪ মে পর্যন্ত আর মাত্র দুটি ম্যাচ পাবেন তিনি। ২১ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ও ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি। এরপরই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুস্তাফিজকে। রাউন্ড রবিন লিগে ২৪ মে শেষ ম্যাচ খেলবে দিল্লি। গতকাল পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দলটি ছিল টেবিলের পাঁচে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই। এক থেকে তিনে আছে গুজরাট (১৬), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৬) ও পাঞ্জাব (১৫)। তারা প্লে-অফে উঠতে পারলে ম্যাচ বাড়বে।