চলতি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাঝুঁকির কথা বলে ভারতে ম্যাচ খেলতে চায়নি বাংলাদেশ, তারা ম্যাচগুলো খেলতে চেয়েছিল শ্রীলংকায়। কিন্তু তাতে রাজি হয়নি আইসিসি। এই ঘটনায় বিসিবির প্রতি ‘অন্যায়’ করা হয়েছে দাবি করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। তারা প্রথমে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং ভারতের সঙ্গে ম্যাচ না খেলার কথা জানায়।

১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচটি যেন হয়, তা নিয়ে আলোচনা করতে রোববার পাকিস্তান যান আইসিসির প্রতিনিধিরা। সেই বৈঠকে অংশ নিতে যান বিসিবি সভাপতিও।

আজ আমিনুলকে উদ্ধৃত করে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোক—এই কামনাই করি।’

বাংলাদেশ না খেলার তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এরই মধ্যে দলটি দুটি ম্যাচও খেলে ফেলেছে।