দীর্ঘদিন ভারতে বসবাসরত ৩৯ বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২১ মে) দিবাগত রাতে ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে গিয়ে সেখানে সপরিবারে বসবাস করেছিলে। ফিরে আসাদের মধ্যে ২০০৭ সাল থেকে ভারতে ছিলেন, এমন ব্যক্তিও রয়েছেন। তাদের বেশিরভাগই ভারতের বিভিন্ন ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বুধবার দিবাগত রাতে ফেনীর দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩৯ বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে বিএসএফ। তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১২ জনকে ফুলগাজী থানা এবং ১২ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১৫ জনকেও থানায় হস্তান্তর করা হবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার যশপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে আটক ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। এ বিষয়ে পরবর্তী নির্দেশনার আলোকে ব্যবস্থা নেয়া হবে।
ফেনীর ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ফুলগাজীর সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ফেরত দেয়া ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। একইভাবে আরো ১৫ বাংলাদেশীকে থানায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে বিজিবি জানিয়েছে।















