আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন পারভেজ হোসেন ইমন। আজ শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেন তিনি। এর আগে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরি ছিল তামিম ইকবালের।

ইমনের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে তারা ছুড়ে দেয় ১৯২ রানের টার্গেট। জবাবে আরব আমিরাত ১৬৪ রানে গুটিয়ে যায়। সোমবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

ইমন ২৮ বলে ফিফটি করেন। এটা টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। সেটাকেই রূপ দিলেন সেঞ্চুরিতে। আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৯, সব মিলিয়ে ৭ ম্যাচে রান ছিল ৮৮। অথচ আজ এক ম্যাচেই করলেন শতরান। সেঞ্চুরি করার পরের বলেই জাওয়াদউল্লাহর বলে তিনি আউট হয়ে যান।

এর আগে দলীয় ১৩ রানে তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে বোর্ডে ৩৬ রান যোগ করেন ইমন। লিটন ৮ বলে ১১ রান করে জাওয়াদউল্লাহর শিকার হওয়ার পর তাওহীদ হৃদয় নিয়ে দারুণভাবে দলকে টানেন ইমন। দুজনের দৃঢ়তায় ৯.৪ ওভারেই একশ রান তুলে নেয় বাংলাদেশ। যদিও ১১তম ওভারে হৃদয় ফিরে যান সাজঘরে।

শেখ মেহেদী হাসান (২), জাকের আলী (১৩) ও শামীম হোসেন (৬) বড় স্কোর গড়তে ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেন ইমন। সেই সঙ্গে দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি। ৫৪ বলে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০০ রান করেন বামহাতি এ ব্যাটার।