বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিপক্ষে টানা নয় ওয়ানডেতে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসে আবারো খেই হারিয়ে ফেলল ‘মেরুন’রা। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতলেও পরের ম্যাচে হেরেছে ৫০ রানে। এতে সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারীরা।

ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ফিন অ্যালেনের ৯৬ রানে ভর করে ৪৮.২ ওভারে ২১২ রানে গুটিয়ে যায় কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেভিন সিনক্লেয়ার চারটি ও জেসন হোল্ডার তিনটি উইকেট নেন। বড়সড় লক্ষ্য নয়, তবুও টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপে পড়ে ১৬১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।

২৭ রানে ছয় উইকেট হারানোর পর ইয়ানিক কারিয়াহর ৫২ ও আলজারি জোসেফের ৪৮ রানের কল্যাণে দেড়শ পার হয় স্বাগতিকরা। সাউদি ৭ ওভারে ২২ রান দিয়ে চারটি ও বোল্ট ৬ ওভারে ১৮ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন অ্যালেন।

একই ভেন্যু ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।