এশিয়ান গেমসে ছেলেদের হকিতে আজ সোমবার বাংলাদেশকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। এই হারে গ্রুপ পর্ব শেষ করল লাল-সবুজরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন অভিষেক। ২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং (২-০)। ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হার্মানপ্রিত সিং (৩-০)। এর পাঁচ মিনিট পর ব্যবধান ৪-০ করেন সুখজিৎ সিং।

৪০তম মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত (৫-০)। শিলানন্দ লাকরা ৪৪ ও ৪৫তম মিনিটে পরপর দুটি গোল করেন (৭-০)। হারমানপ্রিত ৪৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন (৮-০)। শেষ দিকে ৫৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সাঞ্জয় (৯-০)। ম্যাচের শেষ মিনিটে দশম গোলটি করেন মানদীপ সিং (১০-০)।

d

এ ম্যাচে বাংলাদেশ ছিল একেবারেই বিবর্ণ। ৩৬তম মিনিটে গ্রীন কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার রোমান সরকারকে। এটা দলের দুর্ভোগ আরো বাড়ায়।

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে ও জাপানের কাছে ৬-১ গোলে টানা হেরেছে বাংলাদেশ। লাল-সবুজরা তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে হারায় ৩-১ গোলে। আজকের হারে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থান পেল বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী লড়াইয়ে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সেমিফাইনালে উঠে গেছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ১ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালয়েশিয়া।