ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ২৭৫ রানের বড় লিড পেল ইংল্যান্ড। আজ তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ১০৭.৪ ওভারে ৫৯২ রান তুলে অলআউট হয় ইংলিশরা।

 

প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে জ্যাক ক্রলের অনবদ্য এক সেঞ্চুরিতে (১৮২ বলে ১৮৯) ভর করে বৃহস্পতিবার দ্বিতীয় দিন মাত্র ৭২ ওভারে ৪ উইকেটে ৩৮৪ রান তুলে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বেন স্টোকস ২৪ ও হ্যারি ব্রুক ১৪ রানে অপরাজিত ছিলেন।

 

আজ শুক্রবার আরো ৫৩ রান যোগ করে বিচ্ছিন্ন হয় এই জুটি। দলনায়ক স্টোকস ৭৪ বলে ৫১ রান করেন প্যাট কামিন্সের শিকার হন (৪৩৭/৫)। দলীয় ৪৭৪ রানের সময় ১০০ বলে ৬১ রান করে জস হ্যাজেলউডের বলে মিচেল স্টার্ককে ক্যাচ দেন ব্রুক। এরপর দ্রুততম সময়ের মধ্যে ক্রিস ওকস (০), মার্ক উড (৬) ও স্টুয়ার্ট ব্রডকে (০*) সাজঘরে ফেরান অভিজ্ঞ জস হ্যাজেলউড (৫২৬/৯)।

 

এরপর জনি বেয়ারস্টোর বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ভর করে সংগ্রহ ছয়শর কাছাকাছি নিয়ে যায় ইংল্যান্ড। এই দুজন দশম উইকেটে ৪৯ বলে ৬৬ রান তুলে অজিদের হতাশ করেন। জেমস অ্যান্ডারসন (৫) ক্যামেরন গ্রিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন বেয়ারস্টো। ৮১ বলে ৯৯ রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছাড়েন। টর্নেডো ইনিংসটি তিনি সাজান ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কায়।

 

জস হ্যাজেলউড ৫টি এবং মিচেল স্টার্ক ও গ্রিন ২টি করে উইকেট নেন।

 

আজ প্রথম সেশনে ২৪ ওভারে ১২২ রান তোলে ইংল্যান্ড।

 

চলতি অ্যাশেজে প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্ট জিতে সমতা আনতে মরিয়া স্বাগতিক ইংল্যান্ড। ২৭ জুলাই ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।