সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। নেপালের পোখারা রঙ্গশালায় আজ ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ কিশোরীরা।

মুনকি আক্তার একাই করেন চার গোল। এছাড়া তৃষ্ণা রানী ও আলপি আক্তার উভয়ই করেন সমান তিন গোল। মামোনি চাকমা ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল পান।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে চার দল—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। প্রত্যেক দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। ৭ ফেব্রুয়ারি পোখারায় ফাইনাল।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফে এটা সপ্তম আসর। আগের ছয় আসরে বাংলাদেশ পাঁচবার শিরোপা জিতেছে, আর ভারত জিতেছে দুবার। এর মধ্যে ২০২৪ সালে শিরোপা ভাগাভাগি করে বাংলাদেশ ও ভারত।