কভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছিল এশিয়ান গেমস হাংজু-২০২২। এবার আসরটি আগামী বছর আয়োজনের ঘোষণা দিয়েছে চীন। দেশটির হাংজু শহরে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। নতুন এই তারিখ ঘোষণা করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।
চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ার বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজনের কথা ছিল। কিন্তু নতুন করে কভিডের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মে মাসে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
ওসিএ জানিয়েছে, অন্য কোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয়, সে কারণেই এশিয়ান গেমসের নতুন এই তারিখ বেছে নেয়া হয়েছে। পুরো এশিয়া মহাদেশ থেকে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নিয়ে থাকে।
ইতোমধ্যেই কভিডের কারণে জুনে চেংডুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও স্থগিত হয়। সেই গেমসেও আগামী বছর আয়োজনের পরিকল্পনা করছে চীন।








