চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে নেইমার জুনিয়রের। এখন পর্যন্ত চার ম্যাচে করেছেন সাত গোল। এর মধ্যে লিগ ওয়ানে তিন ম্যাচে পাঁচ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ছয়টি। ম্যাচপ্রতি গোলের হার ১ দশমিক ৭৫ শতাংশ। মেসি-নেইমার-এমবাপ্পে আক্রমণভাগ যেকোনো ক্লাবের জন্যই এখন আতঙ্কের। তবে এ ত্রিফলার মধ্যে সবচেয়ে বেশি আলো কাড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নেইমারদের কল্যাণে উড়ছে পিএসজি। লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচেই ১৭ গোল করেছে চ্যাম্পিয়নরা। এর মধ্যে নেইমার পাঁচটি, এমবাপ্পে চারটি ও মেসি তিনটি গোল করেন।

আজ রাত পৌনে ১টায় লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। এদিকে লা লিগায় আজ রাত সাড়ে ১১টায় ক্যাম্প ন্যুতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ভায়াদোলিদ। আর রাত ২টায় এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে আছে কার্লো আনচেলত্তির রিয়াল। প্রথম ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ জিতে জাভির বার্সাও ছন্দ খুঁজে পেয়েছে।