ওয়াশিংটন ডিসিতে আজ শুক্রবার রাতে চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠান। এর শুরুতে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেয় ফুটবলের গভর্নিং বডি ফিফা।
বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা মিলিয়ন মিলিয়ন জীবন বাঁচিয়েছি। উদাহরণ হিসেবে বলতে পারেন, কঙ্গোর কথা। সেখানে ১০ মিলিয়ন মানুষ মারা গেছে, আরো ১০ মিলিয়ন দ্রুতই মারা যেত। এছাড়া ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরুর আগেই আমরা থামিয়ে দিয়েছি। বিশ্ব এখন নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো করছিল না, এখন আমরা বিশ্বে ভূমিকা রাখতে পারছি।’
এরপর অনুষ্ঠিত হয় মূল আকর্ষণ ড্র। সেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মোটামুটি সহজ গ্রুপে পড়েছে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা পেয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে। আর ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে।









