ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুক্রবার রাতে মোনাকোর বিপক্ষে ১-২ গোলে হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নও। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে রেন ও লিলের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় পিএসজি। এবার হেরেই গেল দলটি।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করলেও এরপর লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপে হেরে যায় লুইস এনরিকের দল। ২০১৩-১৪ মৌসুমের পর এমন বাজে সূচনা আর হয়নি তাদের। এর পরও আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না এনরিকে। বার্সেলোনার সাবেক এ কোচ বলেন, ‘যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের মাত্রই শুরু। এখনো আমরা আমাদের সেরা ফর্মে নেই, কিন্তু এ ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল, কখনো কখনো এটা খুব বাজে। তবে ম্যাচে অনেক ইতিবাচক দিকও দেখেছি। প্রত্যাশিত গোলের হিসাব আমাদের পক্ষেই আছে। এ পরাজয় আমি কীভাবে ব্যাখ্যা করব? ফুটবল কখনো কখনো এ রকমই ব্যাখ্যাতীত। ছেলেদের মানসিকতার দিকটি তুলে ধরতে চাই আমি। এবারের লিগ দারুণ রোমাঞ্চকর হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের।’ ইএসপিএন