আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসছে ফিফা ফুটবল বিশ্বকাপ আসর। এতে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। এ আসরের চূড়ান্ত ড্র আজ। ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এ ড্র অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা)।
অনুষ্ঠান পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সঙ্গে থাকবেন ব্রডকাস্টার সামান্থা জনসন, টম ব্র্যাডি, ওয়েইন গ্রিটজকি, অ্যারন জাজ ও শাকিল ও’নিলের মতো ক্রীড়া ও বিভিন্ন অঙ্গনের খ্যাতিমানরা। ড্র শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে ৯০ মিনিট ধরে চলবে অনুষ্ঠানটি। ড্রতে ৪৮টি দলকে মোট ১২টি গ্রুপে বিভক্ত করা হবে।
ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো, বিভিন্ন অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তা ও ফুটবলের সাবেক তারকারা আলো ছড়াবেন। তবে সবচেয়ে বেশি আলো কাড়বেন আয়োজক তিন দেশের সরকারপ্রধান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এ তিন নেতা তাদের দেশে পরবর্তী বিশ্বকাপ দেখার জন্য বিশ্বের ফুটবল অনুরাগীদের আহ্বান জানাবেন।
আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার এ তিন দেশে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর।
এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আসর বসছে মেক্সিকোয়। ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ। সব মিলে ১৩ ম্যাচ আয়োজন করবে দেশটি। কানাডাও সমান ১৩টি ম্যাচ আয়োজন করবে। ১২ জুন টরন্টো স্টেডিয়ামে প্রথম ম্যাচ আয়োজন করবে দেশটি।
সবশেষ ১৯৯৪ সালে সফলভাবে বিশ্বকাপ আসর আয়োজন করছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৩২ বছর পর আবার আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। ১২ জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইতিহাসের সর্ববৃহৎ এ ফুটবল আসরের।
এ আসরের জন্য ৬০ লাখ টিকিট বিক্রির লক্ষ্য ফিফার। এখন পর্যন্ত ২০ লাখের মতো টিকিট বিক্রি হয়েছে।
৩টি স্বাগতিক দেশসহ মোট ৪২টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আরো ৬টি টিকিট বাকি আছে এবং এখনো ২২টি দেশ এই ৬টি টিকিটের রেসে টিকে আছে। ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত আসরের ফাইনালে ফ্রান্সকে হারায় তারা।









