বাহরাইনের কাছে হেরে এশিয়ান কাপের বাছাই শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারে বাংলাদেশ। বাহরাইনের হয়ে আলি হারাম ও কামিল আল আসওয়াদ প্রথমার্ধে গোল দুটি করেন। দিনের আরেক ম্যাচে মঙ্গোলিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিন। গোলশূন্য ড্র হয়েছে ফিলিপাইন ও ইয়েমেনের ম্যাচটি।


আগামী শনিবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সর্বশেষ ইন্দোনেশিয়ার বিপক্ষে (প্রীতি) ড্র ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখেন হাভিয়ের কাবরেরা। রক্ষণ জমাট রাখতে শুরুর দিকে প্রায় সব খেলোয়াড়ই নেমে আসে নিচের দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটু একটু করে ছড়িয়ে খেলতে শুরু করে দল। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাহরাইনের মুঠোয়ই।


ম্যাচ ঘড়ির ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাহরাইন। পারেনি জিকোর দৃঢ়তায়। মাহাদি ফয়সালের কর্নার থেকে আমিনে মোহামেদ বেরাদ্দির হেড ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেছেন গোলরক্ষক জিকো। ফিরতি বলটি ক্লিয়ার করেন ফাহাদ।

 

১৯ মিনিটে হাসান আলআসওয়াদের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট আবার ঝাঁপিয়ে রুখে দেন জিকো। ২৩ মিনিটে হাসান আলআসওয়াদের ফ্রি-কিক গোলরক্ষের গ্লাভসে জমা পড়ে। পরের মিনিটে আলী আব্দুল্লাহ হারামের শট প্রতিহত করেন গোলরক্ষক। তবে ম্যাচের ৩৪ মিনিটে আর রেহায় মেলেনি। হাসান আল আসওয়াদের কর্নার থেকে আলি আব্দুল্লাহ হারাম হেডে গোল করেন। ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা গায়ের সঙ্গে সেঁটে থাকার চেষ্টা করলেও দলকে রক্ষা করতে পারেননি।

 

৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। জামাল বা রাকিব কেউই ঠিকমতো হেডটি ক্লিয়ার করতে পারেনি। বল চলে আসে বক্সের বাইরে থাকা হাসান আল আসওয়াদের পায়ে। এই মিডফিল্ডারের শটে জালে জড়ায় বল। জিকো ঝাঁপিয়ে পড়েও প্রতিহত করতে পারেননি।

 

২-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ বিরতির পর রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। এই অর্ধে সোহেল রানা, জাফর ইকবাল, মেরাজ হোসেন ও পাপন সিংহ মাঠে নামেন। পাপনের তো লাল-সবুজ জার্সি গায়ে অভিষেকই হয়েছে। কিন্তু তার অভিষেকটা জয়ে রাঙানো যায়নি দলীয় ব্যর্থতায়। ইনজুরি সময়ে হারের ব্যবধান আরো বাড়তে পারতো। গোলরক্ষক জিকো বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।