আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে তিন তরুণ খেলোয়াড়—ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর পরও বাছাইপর্বের বাকি ম্যাচগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বিশ্বকাপের আগের নিজের দলের শক্তি ও দুর্বলতাগুলো পরখ করে নিতে চান। সেটি করতে চাইলে খেলতে হবে বড় ম্যাচ। চিলি ও কলম্বিয়া ম্যাচ তাকে সেই সুযোগ এনে দিচ্ছে। এ দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ।

জুনে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে সবচেয়ে বড় চমক—ফিরছেন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডাক্টর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এ কিংবদন্তি আবারো ফিরছেন জাতীয় দলের জার্সিতে। আবারো বিশ্ব মাতাতে তৈরি তিনি।

আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে তিন তরুণ খেলোয়াড়—ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ১ দশমিক ৯৪ মিটার উচ্চতার ডিফেন্ডার ত্রইলো এখনো কোনো যুব দলের হয়েও খেলেননি। তবে ক্লাব বেলগ্রানোর হয়ে তার দারুণ পারফরম্যান্স স্কালোনিকে মুগ্ধ করেছে। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে অনুপস্থিত নিকোলাস ওতামেন্দির জায়গায় বিকল্প হিসেবেই দেখা হচ্ছে ত্রইলোকে।

রিভার প্লেটের ১৭ বছর বয়সী প্রতিভা মাস্তান্তুয়ানোকে নিয়ে বেশ আলোচনা চলছে। শোনা যাচ্ছে, পিএসজি ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে তার রিলিজ ক্লজ অ্যাক্টিভ করতে চায়। অন্যদিকে ইনদিপেনদিয়েন্তের লোমোনাকো মিডফিল্ডার থেকে ভূমিকা পাল্টে ডিফেন্সে নজর কেড়েছেন।

চোটের কারণে বাদ পড়েছেন লিভারপুল তারতা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ইউরোপে ভালো খেলার সুবাদে স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বারকো এবার জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা দলে। তিনি বাম দিকের রক্ষণে নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।

আর্জেন্টিনা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলো স্কালোনির জন্য নতুন কৌশল পরীক্ষা ও দল পরখ করার বড় সুযোগ।

৬ জুন চিলির মাঠে ও ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে লিওনেল স্কালোনি ও লিওনেল মেসির দল। এ সময় ব্রাজিল একুয়েডরের মাঠে ও ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি এরই মধ্যে দল ঘোষণা করেছেন। এ দলে মিডফিল্ডার ক্যাসেমিরো ফিরলেও জায়গা পাননি ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার।