সবার চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ আরো উচ্চতায় নিজের নামটি লিখিয়ে নিতে চলেছেন তিনি। আইসল্যান্ডের মাঠে ইউরো বাছাইপর্বে মাঠে নামলেই প্রথম কোনো ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ ইতিহাস গড়বেন ৩৮ বছর বয়সী ফরওয়ার্ড। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

যদিও রোনালদো বলেছেন, তিনি এসব রেকর্ড নিয়ে মোটেও ভাবেন না। তার কথায়, ‘‌জানি, আমি কিছু রেকর্ডের অধিকারী। আমি জাতীয় দলের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা। জানি, আমি অনেক রেকর্ড গড়েছি। কিন্তু সত্য বলতে কী, আমি রেকর্ডের পিছু ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। এ কারণেই আমি অনেক খুশি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার উদ্দীপনাটা আমি এখান থেকেই পাই।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন রোনালদো। যদিও এখনো বিশ্বকাপ জেতা হয়নি তার। ২০২২ বিশ্বকাপই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ ছিল। কাতারে অনুষ্ঠিত ওই আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তার দল। ওই আসরের আগে ক্লাব ফুটবল নিয়ে খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন তিনি। ম্যানইউ তার সঙ্গে চুক্তি বাতিল করে। সিআরসেভেন পরে নাম লেখান সৌদি আরবের আল নাসর ক্লাবে।

বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন রবার্তো মার্টিনেজ। তিনি রোনালেদোকে তার পরিকল্পনার কেন্দ্রে রেখেছেন এখনো। ধারণা করা হচ্ছে, আগামী বছর জার্মানিতে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপে রোনালদোর নেতৃত্বেই খেলবে পর্তুগাল।

রোনালদোর রেকর্ড নিয়ে পর্তুগালের কোচ মার্তিনেজ বলেন, ‘‌একজন ফুটবলার ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলছে, এই রেকর্ড অনন্য। এটা পর্তুগিজ ফুটবলের জন্যই গর্বের।’

কুয়েতের ফুটবলার  বাদের আল মুতওয়া ১৯৬ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া মালয়েশিয়ার সোহ চিন আন ১৯৫ ম্যাচ, মিসরের আহমেদ হাসান ১৮৪ ম্যাচ, ওমানের আহমেদ মুবারাক ১৮৩ ম্যাচ খেলেছেন।

এদিকে, আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। পুর্তগালের লিসবন শহরে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকান দল ঘানা। গত সপ্তাহে বার্সেলোনায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গিনিকে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।