এশিয়া কাপ টি২০ আসর খেলতে আজ বিকেলে সংযুক্ত আরব আমিরাত রওনা হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকাল সোয়া পাঁচটায় ক্রিকেট দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
এবারের এশিয়া কাপ ক্রিকেট শুরু হবে আগামী ২৭ আগস্ট। প্রথম দিন মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। বাংলাদেশের মিশন শুরু হবে ৩০ আগস্ট, প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। মোট ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের দুটি করে দল উঠবে সুপার ফোরে, সেখান থেকে দুটি যাবে ফাইনালে। বাংলাদেশের গ্রুপের বাকি দলটি শ্রীলংকা। ভারত ও পাকিস্তান খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে।
এশিয়া কাপ সামনে রেখে এবার বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর ১০ ম্যাচ খেলে মাত্র দুটি জিততে সমর্থ হয় বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতায় এবার দলে ব্যাপক রদবদল এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে জিম্বাবুয়ে সিরিজে দায়িত্ব দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানকে। এবার স্থায়ীভাবে সাকিব আল হাসানকে টি২০ দলের নেতৃত্বভার দেয়া হয়েছে, যিনি আগেই টেস্ট দলেরও দায়িত্ব পেয়েছেন। আসন্ন এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ।
কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে টি২০ দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি শুধু টেস্ট আর ওয়ানডে দল সামলাবেন, টি২০ দল আগামী অক্টোবরের বিশ্বকাপ পর্যন্ত দেখভাল করবেন শ্রীরাম শ্রীধরণ, যাকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, টি২০ দলের যাবতীয় গেম প্ল্যান করবেন শ্রীরাম।
পাপন মনে করেন, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, স্পিন বোলিং কোচ, আর কনসালট্যান্ট থাকায় এখানে হেড কোচ না থাকলেও কোনো সমস্যা নেই।
এবারের এশিয়া কাপে তিন বছর পর বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। যদিও আসর শুরুর আগে দলে চোটাঘাত। সোহান আঙুলে করানো অস্ত্রোপচার থেকে সঠিক সময়ে সুস্থ হয়ে ওঠেননি বলে খেলা হবে না এশিয়া কাপে। আর শেষ মুহূর্তে গোঁড়ালির চোটে পড়ায় ছিটকে যান পেস বোলার হাসান মাহমুদ। এমন পরিস্থিতিতে ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখকে দলভুক্ত করেছে বাংলাদেশ। তিনি বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন। সেখান থেকে সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।










