১৪তম সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপ থেকে
দাপটে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও অতিথি দল কুয়েত। আজ শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ভারত ২-০ গোলে নেপালকে হারিয়ে ও
কুয়েত ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
ভারত ও কুয়েত দুই দলেরই ঝুলিতে সমান ৬
পয়েন্ট। নেপাল ও পাকিস্তান দুই ম্যাচে পয়েন্টশূন্য। মঙ্গলবার ভারত মুখোমুখি হবে
কুয়েতের। ওই ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। সেদিন পাকিস্তান আনুষ্ঠানিকতার
ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে।
সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড আটবারের
চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত আসরে নেপালকে ফাইনালে
হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জয় করে ‘ব্লু টাইগার’রা। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯,
২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫ ও ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব দেখায় ভারত। এবার
নবম শিরোপার লক্ষ্যে ঘরের মাঠে খেলছে সুনীল ছেত্রীর দল।
সাফে দ্বিতীয় সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছে
দ্বীপদেশ মালদ্বীপ। তারা ২০০৮ ও ২০১৮ সালে শিরোপা জয় করে। এছাড়া বাংলাদেশ ২০০৩
সালে, শ্রীলংকা ১৯৯৫ সালে ও আফগানিস্তান ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়।
‘এ’ গ্রুপে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান এবং
‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান ও লেবানন প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি
গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।
রোববার ‘বি’ গ্রুপে
বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে, আর ভুটানের প্রতিপক্ষ লেবানন।










