স্প্যানিশ লা লিগার নিয়মিত মৌসুমের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাব ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেসঙ্গে এটিকে ফুটবল দুনিয়ায় ‘মোড় পরিবর্তনের মুহূর্ত’ হিসেবেও আখ্যা দিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি। খবর এপি।
প্রস্তাব অনুযায়ী, ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে ১৭তম রাউন্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভিয়ারিয়াল তাদের মৌসুমী টিকিটধারীদের জন্য বিনামূল্যে যাতায়াত ও টিকিটের প্রতিশ্রুতি দিয়েছে।
রিয়াল মাদ্রিদ বলেছে, এই উদ্যোগ ক্লাবগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া নেয়া হয়েছে, যা প্রতিযোগিতার সততা ও ফলাফলের বৈধতা ক্ষুণ্ণ করবে। তারা যুক্তি দিয়েছে, হোম-অ্যাওয়ে ভিত্তিক লিগে এ ধরনের একপাক্ষিক পরিবর্তন প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করবে এবং খেলাধুলার বাইরের স্বার্থকে প্রাধান্য দেবে।
ক্লাবটি ফিফা, উয়েফা ও স্পেনের উচ্চ ক্রীড়া কাউন্সিলের কাছে আবেদন করেছে ম্যাচটি অনুমোদন না দেয়ার জন্য। রিয়াল মনে করিয়ে দিয়েছে, ২০১৮ সালে উয়েফা নির্ধারিত নীতিমালা অনুযায়ী দেশীয় প্রতিযোগিতার সরকারি ম্যাচ বিদেশে আয়োজন কেবল বিশেষ পরিস্থিতিতেই অনুমোদনযোগ্য — যা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অন্যদিকে, ভিয়ারিয়াল প্রেসিডেন্ট ফের্নান্দো রোইগ বলেছেন, যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন তাদের ব্র্যান্ড বিস্তারে বড় সুযোগ তৈরি করবে। লা লিগা এর আগে ২০১৮ সালে বার্সেলোনা-জিরোনা ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চেষ্টা করেছিল, কিন্তু সমালোচনার মুখে পরিকল্পনা বাতিল হয়।
লা লিগার এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রভিত্তিক রিলেভান্ট স্পোর্টসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ, যা বৈশ্বিক বাজারে স্প্যানিশ ফুটবলের উপস্থিতি বাড়াতে কাজ করছে। তবে স্পেনের সমর্থক গোষ্ঠী ও খেলোয়াড়দের সংগঠন ম্যাচটি হাজার হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে।















