যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক গোলকিপার হোপ সলো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ৩০ দিনের জেল দিয়েছেন আদালত। সলো স্বীকার করেছেন, তিনি অ্যালকোহলজনিত চিকিত্সা নিচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন।
গত মার্চে নিজের গাড়ির হুইলের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকায় গ্রেফতার হন ৪০ বছর বয়সী সলো। এ সময় গাড়ির পেছনের সিটে তার দুই জমজ সন্তানও ছিল।
সলো যুক্তরাষ্ট্রের হয়ে ২০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি একটি বিশ্বকাপ ও দুটি অলিম্পিক স্বর্ণ জিতেছেন।
সলো বলেন, এটা দীর্ঘ পথ, কিন্তু আমি ধীরে ধীরে ফিরে আসছি। নিজের মাতৃত্ব নিয়ে এবং মহামারীর মধ্যে গত দুই বছর জমজ সন্তান নিয়ে আমি ও আমার স্বামী যা করেছি তা নিয়ে সত্যিই গর্বিত। কিন্তু যখন কিনা আমি সবার জন্য গৌরব বয়ে আনছি, তখন আমি মস্ত বড় একটি ভুল করেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অ্যালকোহল আমার জীবনের কী সর্বনাশ করতে পারে, সে বিষয়টি আমি আসলে অবজ্ঞাই করেছি। তবে এ থেকে কঠিন শিক্ষাও আমি দ্রুত নিয়েছি। যদিও এই শিক্ষা বড় কঠিন আর নির্মম।
গত ৩১ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, গ্রেফতারে বাধাদান এবং শিশুদের গালাগালের কারণে সলোকে গ্রেফতার করে পুলিশ। যদিও গ্রেফতারে বাধাদান আর শিশুদের গালাগাল করা নিয়ে দুটি অভিযোগ খারিজ করে দেন আদালত। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় তাকে সাজা দেন আদালত।








