বুন্দেসলিগা থেকে লা লিগায় এসে নিজেকে মানিয়ে নিতে কোনো বেগ পেতে হয়নি রবার্ট লেভানদোভস্কিকে। ছয় ম্যাচে ৯ গোলই এর প্রমাণ। চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমটা ভালো যায়নি বার্সেলোনার। বুধবার দিবাগত রাতে ২০২২-২৩ মৌসুমে প্রতিযোগিতার প্রথম ম্যাচে নামে কাতালানরা।
লেভানদোভস্কির হ্যাটট্রিকে চেক স্লোভাকিয়ার ক্লাব ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের জয়ে একটি করে গোল করেন মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও স্ট্রাইকার ফেরান তোরেস। ভিক্টোরিয়া প্লজেনের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান সাইকোরা।
এদিকে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে লিভারপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সিরি-আ ক্লাব নাপোলি। এছাড়াও দিনের অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে এফসি পোর্তোকে, বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ইন্টার মিলানকে, টটেনহ্যাম ২-০ গোলে অলিম্পিক মার্শেইকে, আয়াক্স ৪-০ গোলে রেঞ্জার্সকে, ক্লাব ব্রুগে ১-০ গোলে লেভারকুসেনকে ও স্পোর্টিং সিপি ৩-০ গোলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারায়।
ক্যাম্প ন্যু ‘য়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বার্সেলোনার দাপট। গোলের উদ্দেশ্যে প্রতিপক্ষের গোল পোস্টের অভিমুখে ২০টি শট নিয়েছে জাভির শিষ্যরা। এর মধ্যে ১১টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ১৩ মিনিটে জুলেস কুন্দের হেড পাস থেকে হেডেই অতিথিদের জালে প্রথম বল পাঠান আইভোরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। সার্জিও রবার্তোর অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন পোলিশ স্ট্রাইকার। ৪৪ মিনিটে জেমালকার ক্রসে ইয়ান সাইকোরা হেডে ব্যবধান কমায় ভিক্টোরিয়া প্লেজেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার ব্যবধান আরো বাড়িয়ে দেন লেভানদোভস্কি। উসমান দেম্বেলের ক্রসে হেডে দলের তৃতীয় গোলটি করেন পোল্যান্ডের এই তারকা ফুটবলার।
বিরতি থেকে ফিরে হ্যাটট্রিক তুলে নেন লেভানদোভস্কি। ফেরান তোরেসের পাসে দলের চতুর্থ গোলটি করেন তিনি। ৭১ মিনিটে ফরাসি স্ট্রাইকার দেম্বেলের পাসে স্প্যানিশ তারকা ফেরান তোরেস দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।










