বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরানোর বিষয়টি চূড়ান্ত হয়। ওই রাতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরবর্তী সভাপতি করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাকে এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। আজ বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আমিনুলকে নতুন সভাপতি নির্বাচিত করা হতে পারে। সভাপতি করার আগে তাকে এনএসসি মনোনীত বোর্ড পরিচালক ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাতে বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার আগেই আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির কাউন্সিলরের চিঠি দেয় এনএসসি। ওই রাতে এক অনলাইন সভায় তার কাউন্সিলরশিপ অনুমোদন করেন পরিচালকেরা।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে অব্যবস্থাপনা, এফডিআর স্থানান্তরে অনিয়ম আর বিতর্ক চরমে ওঠার পরই সমালোচিত হন ফারুক আহমেদ। এরপর জাতীয় দলের ছন্নছাড়া পারফরম্যান্স তো রয়েছেই। বিপিএলে যাচাই-বাছাই না করে ফ্র্যাঞ্চাইজি মনোনয়ন, বিসিবির তালিকাভুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাজ না দেয়াসহ ফারুক আহমেদের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তুলে এনএসসিকে চিঠি দেন আট পরিচালক।
এরপরই ফারুক আহমেদকে সরানোর পরিকল্পনা করে সরকার এবং আলোচনায় আসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। সভাপতি হতে হলে আগে তাকে বিসিবির কাউন্সিলর হতে হবে, এরপর পরিচালক। বিসিবিতে এনএসসির পাঁচজন কাউন্সিলের মধ্যে দুজন পরিচালক হন। হাবিবুর রহমান নামে আগের এক কাউন্সিলরকে সরিয়ে আমিনুলকে কাউন্সিলর করেছে এনএসসি। আজ তাকে পরিচালক হিসেবে ঘোষণার পর সভাপতিও নির্বাচিত করার প্রক্রিয়াও সম্পন্ন করা হতে পারে।









