বাংলাদেশের উঠতি তারকা তৌহিদ হৃদয় রোববার লংকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসকে জিততে সাহায্য করেন। তৌহিদ করেন ৩৯ বলে ৫৪ রান। আজ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানও লংকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে ব্যাট-বলে আলো ছড়ান। ডাম্বুলা অরার সঙ্গে ম্যাচ টাই হওয়ার পর তার দল সুপার ওভারে জিতেছে।

 

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮০ রান তোলে গল। সাকিব এক চার ও দুই ছক্কায় ১৪ বলে ২৩ রান করেন। এছাড়া ভানুকা রাজাপাকসে ৪৮, দাসুন শানাকা ৪২ রান করেন। এরপর বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। শানাকা নেন ২৭ রানে তিন উইকেট। যদিও ধনাঞ্জয়া ডি সিলভা (৪৩), কুশল পেরেরা (৪০) ও অ্যালেক্স রসের (৩৯*) ব্যাটে ভর করে জিততে জিততে শেষ পর্যন্ত টাই করে ডাম্বুলা। এরপর সুপার ওভারে ডাম্বুলাকে দাঁড়াতেই দেয়নি সাকিবদের গল।

 

এর আগে ২৬ জুলাই  গ্লোবাল টি২০ কানাডায় মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে নিজের সর্বশেষ ম্যাচে চার ওভারে ২৫ রানের খরচায় এক উইকেট নেন সাকিব, ব্যাট হাতে ২১ বলে করেন ২৮ রান। কানাডায় যেখানে শেষ করেন, শ্রীলংকায় সেখান থেকেই যেন শুরু করলেন বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক।

 

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় বি-লাভ ক্যান্ডির মুখোমুখি হবে সাকিবের গল। এদিন বিকাল সাড়ে তিনটায় ডাম্বুলার মুখোমুখি হবে তৌহিদ হৃদয়ের জাফনা।