দুবারের চ্যাম্পিয়ন নরওয়ে চলমান নারী ইউরো চ্যাম্পিয়নশিপে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলো। শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় নরওয়েজিয়ান নারীরা। তারা এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর নকআউটে উঠতে ব্যর্থ হলো। আর তাদের হারিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে অস্ট্রিয়া।

গত সোমবার ইংল্যান্ডের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরও নকআউটে ওঠার সুযোগ ছিল নরওয়ের। তবে এজন্য তাদের জিততে হতো অস্ট্রিয়ার বিপক্ষে। তারা এ পরীক্ষায় ব্যর্থ হলো।

শুক্রবার ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। চার গ্রুপে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এখান থেকে কোয়ার্টার ফাইনালে উঠবে আটটি দল। গতকাল পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি ও ফ্রান্স শেষ আটের টিকিট নিশ্চিত করেছে।