গত বছর কাতারের মাঠে ফাইনালে ফ্রান্সকে
হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা রয়েছে জয়ের ধারায়। আজ চীনের বেইজিংয়ের
ওয়ার্কার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাতিন জায়ান্টরা ২-০ গোলে
অস্ট্রেলিয়াকে হারায়।
অধিনায়ক লিওনেল মেসি ম্যাচের দ্বিতীয় মিনিটে
(৮০ সেকেন্ড) দুর্দান্ত এক শটে গোল করেন। বক্সের বাইরে থেকে বাম পায়ে নেয়া শটে তিনি
পরাস্ত করেন সকারু গোলকিপার ম্যাট রায়ানকে। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন
জার্মান পাৎজেলা। রদ্রিগো ডি পলের ক্রসে হেড নিয়ে গোলটি করেন তিনি (২-০)।
গোলের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়াও। যদিও
ম্যাথিউ লেকির শট দুর্দান্ত প্রচেষ্টায় রুখে দেন আর্জেন্টিনার কৃতী গোলকিপার এমিলিয়ানো
মার্টিনেজ, যিনি বিশ্বকাপে অবিশ্বাস্য সব সেভ করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে
বড় ভূমিকা রাখেন।
ম্যাচে যথেষ্ট ভালো খেলে অস্ট্রেলিয়াও। বল
দখলে তারা আর্জেন্টিনার সমানই ছিল (৫০-৫০)। এমনকি ১-০তে পিছিয়ে থাকার সময় তারা বল পোস্টেও
লাগায়। অবশ্য পরিষ্কার সুযোগ কমই তৈরি করতে পেরেছে সকারুরা।
বিশ্বকাপ জয়ের পর এটা আর্জেন্টিনার তৃতীয় জয়।
এর আগে ২৪ মার্চ পানামাকে ২-০ গোলে ও ২৯ মার্চ কুরাকাওকে ৭-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা।
অস্ট্রেলিয়ার পর এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে
প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৯ জুন জাকার্তার উতামা গেলোরা বুং কর্ণো
স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ লিওনেল মেসি ও তার সতীর্থরা।










