ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের মুকুট
জিতলেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি। তার নেতৃত্বেই শনিবার চলমান আসরের ১০০ মিটার
স্প্রিন্টে তিনটি পদকই জিতে নিয়েছেন আমেরিকানরা।
অরেগনের ইউজেনিতে চলমান আসরে ২৭ বছর বয়সী কার্লি ৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে
স্বর্ণ জয় করেন। উল্লেখ্য,
তিনি গত বছর
টোকিও অলিম্পিক গেমসে রৌপ্য জিতেছিলেন। ইউজেনিতে তার স্বদেশী মারভিন ব্রেসি (৯.৮৮ সেকেন্ড) রৌপ্য আর ট্রাইভন ব্রোমেল (৯.৮৮ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
১৯৯১ সালের পর এই প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনো একটি নির্দিষ্ট
ইভেন্টের তিনটি পদকই জিতল একটি জাতির তিনজন। সর্বশেষ এ কীর্তি ছিল
যুক্তরাষ্ট্রেরই।
১০০ মিটারে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের পর ফ্রেড কার্লি বলেন, আমি জানি, আজকের পর থেকে আমার জন্য অনেক দরজা
খুলে যাবে। আমার ভবিষ্যত উজ্জ্বল।
২০১৯ সালে ৪০০ মিটারে ব্রোঞ্জ এবং ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জয় করা
কার্লি ২০২১ সালে সিদ্ধান্ত পাল্টে ১০০ মিটারে মনোনিবেশ করেন। এর ফলও পেলেন দ্রুত।
গত বছর টোকিওতে বড় কোনো আসরের ১০০ মিটারে অভিষেক ঘটে তার, সেখানে জয় করেন রৌপ্য। এক বছরের মধ্যে
এখন তিনি বিশ্বচ্যাম্পিয়নও। বিশ্বের দ্রুততম মানব।
৩১ বছর আগে টোকিওতে সর্বশেষ আমেরিকান ক্লিন সুইপে ছিলেন কার্ল লুইস, লেরয় বারেল ও ডেনিস মিচেল। ১৯৮৩ সালে
হেলসিংকিতে তার আগের আমেরিকান ক্লিন সুইপেও নেতৃত্ব দেন লুইস। সেসময় তার সঙ্গে ছিলেন
ক্যালভিন স্মিথ আর এমিট কিং।
ইতিহাস গড়ার পর কার্লি বলেন, গ্রেটদের কাতারে নাম লেখাতে পারাটা অবিশ্বাস্য। তারা করেছেন ১৯৯১ সালে, আমরা ২০২২ এ। এটা ইতিহাস। ইতিহাসে যা
কিনা মাত্র তিনবার ঘটেছে,
আমি তার অংশ
হতে পেরেছি। এটা ভাষায় বর্ণনা করার মতো নয়।










