জার্মান বুন্দেসলিগায় টানা ১১তম শিরোপার দিকে ছুটছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে শ্যালকে জিরোফোরকে ৬-০ গোলে হারিয়ে শিরোপার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাভারিয়ানরা। তবে এখনো আশা ছাড়েনি বরুশিয়া ডর্টমুন্ড। তারা এদিন ৫-২ গোলে হারায় বরুশিয়া ম’গ্লাডবাখকে। ৩২ রাউন্ড শেষে বায়ার্নের সংগ্রহ ৬৮ পয়েন্ট, সমান ম্যাচে ডর্টমুন্ডের ৬৭।

 

সের্জে নারবি জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল পান টমাস মুলার, জসুয়া কিমিখ, ম্যাথিস টেল ও নুসাইর মাজরুই।

শনিবার আরবি লিপজিগকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। পরদিন ডর্টমুন্ড যাবে অগসবুর্গের মাঠে।

 

এদিকে, রেকর্ড ১১তম ফ্রেঞ্চ লিগ শিরোপার কাছাকাছি প্যারিস সেন্ট জার্মেই। শনিবার রাতে নিষেধাজ্ঞা থেকে লিওনেল মেসির ফেরার ম্যাচে অ্যাজাক্সিওকে ৫-০ গোলে হারায় প্যারিস জায়ান্টরা। কিলিয়ান এমবাপ্পে করেন জোড়া গোল। ফাবিয়ান রুইজ ও আশরাফি হাকিমি করেন একটি করে গোল। পঞ্চম গোলটি আত্মঘাতী হিসেবে পায় চ্যাম্পিয়নরা। শিরোপা জিততে আর চার পয়েন্ট চাই এমবাপ্পে, মেসিদের। লিগের বাকি তিন ম্যাচ, পিএসজির লিড ছয় পয়েন্টের। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট পিএসজির, দুইয়ে থাকা লেনসের পয়েন্ট ৭৫।

 

লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটির মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়।