বিশ্বকাপ বাছাইপর্বে আজ বৃহস্পতিবার স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
ম্যাচটা রূপ নেয় নকআউটে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটিশদের ৪ উইকেটে হারিয়ে
বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। এর আগে শ্রীলংকা পায় ভারত আসরের টিকিট।
এর আগে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে
হারানো স্কটল্যান্ড আজ ফেভারিট হিসেবে নামে। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট
পেত স্কটিশরা। আর ডাচদের জিততে হতো ভালো ব্যবধানে।
এই ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৭ রান তোলে
স্কটল্যান্ড। ব্র্যান্ড ম্যাকমুলেন ১০৬ ও রিচি বেরিংটন ৬৪ রান করেন। ৫২ রানে ৫ উইকেট
নেন ব্যাস ডি লিডি। এরপর এই লিডি ব্যাট হাতেও রীতিমতো তাণ্ডব বইয়ে দিয়ে ডাচদের
অভাবনীয় এক জয় এনে দেন। নিট রানরেটে স্কটল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে যেতে ৪৪
ওভারের মধ্যে ২৭৮ রান করতে হতো ডাচদের। তারা সেটি করে দেখিয়েছে ৪২.৫ ওভারে! লিডি
৯২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ১২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে তিনি জেতান ডাচদের।
সুপার সিক্স পর্ব শেষে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড
উভয় দলের পয়েন্ট সমান ৬ হলেও নেট রানরেট ডাচদেরই বেশি। তাদের শূন্য দশমিক ১৬০,
স্কটল্যান্ডের শূন্য দশমিক ১০২।
বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নেয়। ‘এ’ গ্রুপ থেকে
তিনটি ও ‘বি’ গ্রুপ থেকে তিনটি দল ওঠে সুপার সিক্স পর্বে। সেখান থেকে শ্রীলংকা ও
নেদারল্যান্ডস পেল বিশ্বকাপের টিকিট। বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
বিশ্বকাপের ১০ দল—বাংলাদেশ, আফগানিস্তান, ভারত,
পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও
নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। ৭ অক্টোবর প্রথম ম্যাচে আফগানিস্তানের
মুখোমুখি হবে বাংলাদেশ।










