ভারতের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজিত ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে শুভসূচনা করেছে। আজ দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজে ২-০তে এগিয়ে যাবে তারা। গায়ানার প্রভিডেন্সে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় টি২০ ম্যাচ।

 

তারুবায় প্রথম টি২০ ম্যাচে ভারতকে ৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৯ রান তোলে স্বাগতিকরা। নিকোলাস পুরান ৪১ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ৪৮ রান করেন। পঞ্চম ওভারে ৩ বলের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর পুরান ও পাওয়েল ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ের পুঁজি এনে দেন। জবাব দিতে নেমে সফরকারী ভারত ৯ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয়। জেসন হোল্ডার ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

 

টি২০তে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রিয় ফরম্যাট পেয়েই শুভসূচনা করেছে। আজ তাদের সামনে সিরিজ জয়ের সুযোগ। সর্বশেষ ২০১৬ সালে টানা দুই টি২০ ম্যাচে ভারতকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

 

তবে ওয়েস্ট ইন্ডিজের মতো ভারতীয় দলেও আছে আকর্ষণীয় সব হিটার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন। তিলক ভার্মা আগের ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে ২২ বলে ৩৯ রান করেছেন। এছাড়া সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া কিংবা সানজু স্যামসন নিজেদের সেরা দিনে ম্যাচ উইনার হতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ দলে যেমন ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, জনসন চার্লস, পুরান কিংবা পাওয়েল বিগ হিটার।

 

ভারতের স্পিন শক্তির কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক পাওয়েল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা মাঝের ওভারগুলোতে স্পিনারদের কেমন খেলে, তার ওপর নির্ভর করবে সিরিজের ভাগ্য।’

 

তারুবায় প্রথম টি২০ ম্যাচে মাত্র ৪ রান দুই দলকে আলাদা করেছে। সেটা প্রমাণ করে, সিরিজটা কোনো দলের জন্যই সহজ হবে না।