নবম ফিফা নারী ফুটবল বিশ্বকাপে শুভসূচনা করেছে দুই স্বাগতিক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আজ অকল্যান্ডের এডেন পার্কে ফেভারিট নরওয়েকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় নিউজিল্যান্ড। বৈশ্বিক আসরে এই প্রথম জয় পেলে নিউজিল্যান্ডের নারীরা। আজ মাঠে নেমেছিল আরেক সহ-আয়োজক অস্ট্রেলিয়া। সিডনিতে তারা ১-০ গোলে হারায় রিপাবলিক অব আয়ারল্যান্ডকে।

 

এডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৪৮ মিনিটে ‘ফুটবল ফার্নস’দের হয়ে জয়সূচক গোল করেন হান্নাহ উইলকিনসন। জাকুই হ্যান্ডের ক্রস থেকে তিনি গোলটি করেন। নিউজিল্যান্ডের জয় দেখেছেন ৪২ হাজার ১৩৭ জন দর্শক, যা নিউজিল্যান্ডের ফুটবলে রেকর্ড।

 

৮৯ মিনিটে টুভা হ্যানসেনের হ্যান্ডবলে পেনাল্টি পেলেও তা গোলে রূপ দিতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের রিয়া পারকিভাল। তবু উদযাপন আটকে থাকেনি। ১-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপে শুভসূচনা পেল নিউজিল্যান্ড। এই জয় সমর্থকদের উদ্বেল করে তোলে, কেননা বিশ্বকাপে এর আগে ১৫টি ম্যাচ খেলে কখনই জেতা হয়নি ফার্নসদের।

 

অন্যদিকে, ১৯৯৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের সামনে গোল হজম করার পরপরই সমতা আনার সুযোগ এসেছিল। যদিও আর্সেনাল তারকা ফ্রিডা মানুস অপূর্ব সুযোগটা কাজে লাগাতে পারেননি। সব মিলে ১২টি সুযোগ পেলেও গোল আদায় করে নিতে পারেনি নরওয়েজিয়ানরা।


 

ম্যাচ শুরুর আগে অকল্যান্ডের গোলাগুলির ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। আজ সকালে অকল্যান্ডে নারকীয় ঘটনায় দুজন মারা যায়, আহত হয় ছয়জন। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে ফিফা নিশ্চিত করা হয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটি সন্ত্রাসী হামলা নয়। এরপরই এডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ মাঠে গড়ায়।

 

নারী বিশ্বকাপে এটি সর্ববৃহৎ আসরে, যাতে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রসহ মোট ৩২টি দেশ। এছাড়া এই প্রথম নারী বিশ্বকাপ একসঙ্গে একাধিক দেশে অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম বিশ্বকাপের জন্য খেলতে নামছে যুক্তরাষ্ট্র, যারা র‍্যাংকিংয়ের এক নম্বর দল। আর সর্বনিম্ন র‍্যাংকধারী দল আফ্রিকার দেশ জাম্বিয়া (৭৭)। আগামী ২০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।  

 

আজ এডেন পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে মাওরি উপজাতিদের সংস্কৃতিতে তুলে ধরা হয় নানা প্রদর্শনীতে। আর সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় দেশটির ফার্স্ট নেশনের মানুষরা স্থান পায় উদ্বোধনী অনুষ্ঠানে।

 

বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হওয়া ম্যাচে স্যাম কেরবিহীন অস্ট্রেলিয়া হারায় আইরিশদের। অস্ট্রেলিয়ার অধিনায়ক অধিনায়ক স্যাম কের কাফ ইনজুরিতে পড়ায় অন্তত দুটি ম্যাচে খেলতে পারবেন না। যদিও তার অনুপস্থিতিতে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে মাতিলদারা। ৫২ মিনিটে পেনাল্টিতে গোল করেন অস্ট্রেলিয়ার স্টিভ ক্যাটলি।