সংযুক্ত আরব আমিরাতে আর মাত্র সাতদিন পরই শুরু হবে এশিয়া কাপ টি২০। এ আসর শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ দলে চোটাঘাত। চোটের কারণে এশিয়া কাপই শেষ হয়ে গেল তরুণ পেসার হাসান মাহমুদের।
চোট কাটিয়ে দেড় বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে হাসান মাহমুদ ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সফরটি তার খারাপ কাটেনি। দুটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচে সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট। আলো ছড়িয়ে ১৭ সদস্যের এশিয়া কাপ দলে জায়গা করে নেন তিনি। কিন্তু মহাদেশীয় এই আসরে তার খেলা হচ্ছে না।
এশিয়া কাপ সামনে রেখে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শুরু হয়। অনুশীলন করার সময় ডান পায়ের গোঁড়ালিতে চোট পান হাসান মাহমুদ। তার এই চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তার পরিবর্তে কাকে নেয়া হচ্ছে, তা দুপুর পর্যন্ত নিশ্চিত করেনি বিসিবি।
২২ বছর বয়সী হাসান মাহমুদ এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ দল আগামী ২৩ আগস্ট এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত রওনা হবে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, এনামুল হক, এবাদত হোসেন, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান, পারভেজ হোসেন ইমন , সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ (চোট)।










