আজ নোভাক জোকোভিচের সামনে ইতিহাস গড়ার হাতছানি। সন্ধ্যায় ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারালে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩তম গ্র্যান্ডস্লাম শিরোপা হাতে নেবেন তিনি।

 

এ মুহূর্তে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ উভয়েরই ২২টি করে গ্র্যান্ডস্লাম শিরোপা রয়েছে। আজ নাদালকে টপকে যাওয়ার সুযোগ ৩৬ বছর বয়সী জোকোভিচের।

 

ফাইনাল সামনে রেখে জোকোভিচ বলেন, ‘‌যে খেলাটিকে আমি অনেক ভালোবাসি, আর যেটি আমাকে অনেক কিছু দিয়েছে, সেই খেলাটিতে যখন ইতিহাস গড়ার সুযোগ আসে সেটা আমার কাছে অবিশ্বাস্য এক অনুভুতি নিয়ে এসেছে। উদ্দীপনা খুবই উচ্চ, যেমনটি আপনারা কল্পনা করতে পারছেন। আর একটি জয় পেলেই ট্রফিতে আমি হাত রাখতে পারব। গ্র্যান্ডস্লাম জয়ের আরেকটি ভালো অবস্থানে আমি নিজেকে নিয়ে যেতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠলে কী আমাকে বেশি তাড়িত করে, কী বেশি ভাবায়। গ্র্যান্ডম্লামই আমাদের বেশি তাড়িত করে।’

 

তার প্রতিপক্ষ ২৪ বছর বয়সী রুড গত বছর ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও দুটিতেই হেরেছেন। ফ্রেঞ্চ ওপেনে হেরেছেন ক্লে কোর্টের রাজা নাদালের কাছে, আর ইউএস ওপেনে হেরেছেন নাদালের দেশেরই বিস্ময় খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে। আজ কি জোকোভিচকে থামিয়ে প্রথমবার গ্র্যান্ডস্লাম শিরোপা ছুঁতে পারবেন এই নরওয়েজিয়ান?

 

ফাইনাল সামনে রেখে রুড বলেন, ‘‌অবশ্যই গতবারের চেয়ে ভালো করতে চাই আমি। দেখি, আগের দুটি ফাইনালে হার থেকে কিছু শিখতে পারি কিনা। কাজটা কঠিন হতে চলেছে। সে (জোকোভিচ) ২৩তম গ্র্যান্ডস্লাম শিরোপার জন্য ও আমি প্রথম শিরোপার জন্য খেলছি। আমি চাপমুক্ত থেকে খেলাটি স্রেফ উপভোগ করতে চাই।’