গলে গতকাল শুরু হয়েছে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে সিরিজের প্রথম টেস্ট। মুদ্রা নিক্ষেপে জিতে আগে ব্যাটিং পেয়েও বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলির পেস তোপে ২২২ রানেই অলআউট হয়ে গিয়েছে লংকানরা। জবাব দিতে নেমে দুই উইকেটে ২৪ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান। আজহার আলী তিন রানে ও বাবর আজম এক রানে অপরাজিত রয়েছেন।

শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ফর্মে থাকা দিনেশ চান্দিমাল। ১১৫ বলের ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা। এছাড়া ওপেনার ওশাদা ফার্নান্দো ৩৫, কুশল মেন্ডিস ২১ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৪ রান করেন।

একটি পর্যায়ে ১৭৭ রানে ৯ উইকেট হারানো শ্রীলংকার সামনে দুশো পেরোনোই ছিল কঠিন ব্যাপার। কিন্তু শেষ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে তা পার করেন মহেশ থিকশানা ও কাসুন রাজিথা। আফ্রিদির শিকার হওয়ার আগে ৬৫ বলে ৩৮ রান করেন লোয়ার অর্ডার ব্যাটার থিকশানা। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। ১২ রানে অপরাজিত থাকেন রাজিথা।

১৪.১ ওভারে ৫৮ রান দিয়ে আফ্রিদি নিয়েছেন চার উইকেটে। গত বছর আগস্টের পর প্রথমবারের মতো মাঠে নামা ডানহাতি স্পিনার ইয়াসির শাহ ও পেস বোলার হাসান আলি দুটি করে এবং মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ একটি করে উইকেট নেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই, যার ভেন্যু কলম্বো।