এশিয়ান গেমসে আজ রোববার ক্রিকেট ও হকিতে বড় হারের লজ্জা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এছাড়া, হকিতে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
নিশিনে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। শেফালি ভার্মা ৪৯ বলে ১০০, হারমানপ্রিত কাউর ৩৩ বলে ৪০ ও স্মৃতি মান্ধানা ১৯ বলে ৩৭ রান করেন। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে ৮১ রান তুলে অলআউট হয়ে যায় নিগার সুলতানার দল।

দুর্দান্ত এক সেঞ্চুরি করেন শেফালি ভার্মা। ছবি: বিসিসিআই
ভারতের কাছে হারের পর বাংলাদেশের স্বর্ণ কিংবা রৌপ্য জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল। মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আজ প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলংকা। ১৭৮ রানের লক্ষ্যটা ১৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সিংহলিজ নারীরা। মঙ্গলবার ফাইনাল।
নারী হকিতে আজ ‘পুল এ’-তে বাংলাদেশকে বিধ্বস্ত করে চীন। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই এশিয়ান গেমসে প্রথমবার নেমেছে বাংলাদেশ নারী হকি দল। শুরুতেই বিপর্যয়। প্রতি কোয়ার্টারেই গোল উৎসব করে বড় জয় তুলে নেয় চীন। চীনের হয়ে হ্যাটট্রিক করেন ঝোং জিয়াছি (৪, ১৩ ও ২৯ মিনিটে)। এছাড়া চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) ও চেন ই (৪১ ও ৫৭ মিনিট) দুটি করে গোল পেয়েছেন। একটি করে গোল পান লি হং (১৩ মিনিট), ঝাং ইইং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) এবং ইয়াং লিউ (৩৬ মিনিট)।
১২ দলের ইভেন্টে দুই পুল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে না পারা দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।
এবারের এশিয়ান গেমস নারী হকিতে পদকের লড়াইয়ের সঙ্গে আছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণ। সোনাজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।










