ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এ জয়ের সবচেয়ে বড় রূপকার অভিষিক্ত ব্যাটার যশস্বী জয়সাল ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জয়সাল খেলেছেন ১৭১ রানের ইনিংস, আর অশ্বিন দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১২ উইকেট। এ টেস্টে তৃতীয় দিনই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রোহিত শর্মার দল। 

এ জয়ের পথে অসংখ্য রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী অশ্বিন। তৃতীয় দিনের নির্ধারিত সময় শেষে ওয়েস্ট ইন্ডিজের হাতে ছিল ১ উইকেট। তাই ম্যাচটি চতুর্থ দিন টেনে নিতে চাইলেন না আম্পায়াররা। তাই সময় বাড়িয়ে নিলেন। অল্প সময়ের মধ্যেই স্বাগতিকদের শেষ উইকেটটি শিকার করলেন অশ্বিন। এর মধ্য দিয়ে তিনি নাম লেখান রেকর্ড বইয়ে। এ নিয়ে ২৩তম বারের মতো দলের ম্যাচ জেতানো উইকেট নিলেন অশ্বিন। এর মধ্য দিয়ে তিনি টপকে যান কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে (২২ বার)। 

ডমিনিকায় দুই ইনিংস মিলিয়ে অশ্বিনের শিকার ১৩১ রানে ১২ উইকেট। প্রথম ইনিংসে ৬০ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৭টি উইকেট শিকার করেন তিনি। ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাত্র দ্বিতীয়বার কোনো স্পিনারের ম্যাচে ১২ উইকেট নেয়ার ঘটনা ঘটল। এর আগে ১৯৭৪ সালে ত্রিনিদাদে অফ স্পিনেই ১৫৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের টনি গ্রেগ। পরে তিনি ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি লাভ করেন। 

এ নিয়ে ৮ বার এক ম্যাচে ১০ উইকেট নিলেন অশ্বিন। অনিল কুম্বলে ১৩২ টেস্টে ৮ বার ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। অশ্বিন তার চেয়ে ৩৯ টেস্ট কম খেলেছেন। বিশ্বরেকর্ডে কুম্বলে-অশ্বিনের ওপরে আছেন চারজন। ২২ বার ম্যাচে ১০ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে মুত্তিয়া মুরালিধরন। ১০ বার নিয়েছেন শেন ওয়ার্ন। স্যার রিচার্ড হ্যাডলি ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৯ বার করে। ২০ জুলাই পোর্ট অব স্পেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর—

ওয়েস্ট ইন্ডিজ: ১৫০ (অলিক আথানাজে ৪৭; অশ্বিন ৫/৬০) ও ১৩০ (অলিক আথানাজে ২৮; অশ্বিন ৭/৭১)। ভারত: ৪২১/৫/ডি. (জয়সাল ১৭১, রোহিত ১০৩, কোহলি ৭৬; রাহকিম কর্নওয়াল ১/৩২)। ফল: ভারত ইনিংস ও ১৪১ রানে জয়ী। ম্যাচসেরা: যশস্বী জয়সাল (ভারত)। সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে ভারত।