পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ালেন। ৫১ বছর বয়সী ইউসুফ ৯০টি টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। তিনি মনে করেন, বাংলাদেশের দাবি মান মেনে তাদের বাদ দিয়ে অন্যায় করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে করা পোস্টে ইউসুফ লিখেছেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলংকা ও আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।’

তিনি আরো বলেছেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রেক্ষাপটে ৪ জানুয়ারি আইসিসিকে চিঠি লিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তাশঙ্কায় ভারতের মাঠে নয়, শ্রীলংকার মাঠে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। যদিও বাংলাদেশের দাবি পূরণ হয়নি। ২১ জানুয়ারি আইসিসি জানিয়ে দেয়, খেললে ভারতের মাঠেই খেলতে হবে, নইলে বাদ পড়তে হবে। বাংলাদেশ এতে রাজি না হওয়ায় তাদের জায়গায় নেয়া হয় স্কটল্যান্ডকে।