অধিনায়ক নিকোলাস পুরানের বিস্ফোরক ইনিংসে (৫৫ বলে ১৩৭ রান) ভর করে ২৪ বল বাকি থাকতেই সিয়াটল ওরকাসের দেয়া ১৮৪ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। তার অবিশ্বাস্য এই পারফরম্যান্সে মেজর লিগ ক্রিকেটের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হলো আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি।

 

প্রেইরি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো ফিফটিতে (৫২ বলে ৮৭) নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান তোলে সিয়াটল। শুভাম রঞ্জন ১৬ বলে ২৯ ও ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রান করেন। ঝড়ের মধ্যেও স্পিন জাদুকর রশিদ খানের বোলিং বিস্মিত করবে যে কাউকেই। ৪ ওভারে মাত্র ৯ রানের খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট। আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি কিউই পেস বোলার ট্রেন্ট বোল্ট ৩৪ রানে নেন ৩টি উইকেট।

 

এরপর পুরোটাই ছিল নিকোলাস পুরান-শো। শূন্য রানে স্টিভেন টেইলরকে হারায় নিউ ইয়র্ক। দুইয়ে ব্যাটিংয়ে নেমেই শুরু হয় পুরান ঝড়। শায়ান জাহাঙ্গীরকে (১০) নিয়ে ২৭ বলে বোর্ডে ৬২ রান যোগ করেন পুরান, যার ৫১ রানই ছিল তার। তৃতীয় উইকেটে ডিওয়াল্ড ব্রেভিসকে (২০) নিয়ে তিনি ৪৪বলে ৭৫ রানের জুটি গড়েন। এই জুটির ৫৩ রান করেন পুরান।

  

দলীয় ১৩৭ রানের সময় ব্রেভিস আউট হয়ে গেলে টিম ডেভিডকে নিয়ে ২২ বলে ৪৭ রান তুলে নিউ ইয়র্কের জয় নিশ্চিত করেন ক্যারিবীয় তারকা।

 

৫৫ বলে ১৩৭ রান করেছেন তিনি ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৮ রান করেছেন তিনি।

 

কাইরন পোলার্ডের চোটে নিউ ইয়র্ককে নেতৃত্ব দেয়া পুরান শিরোপা জয়ের পর বলেন, ‘আমি নিজেকে বলেছি, আমাকে ঠিক নিকি পুরানের মতো ব্যাট করতে হবে, অধিনায়ক হিসেবে ব্যাট করার কথা ভাবা যাবে না। আমি নিজের স্কিলকে ব্যবহার করতে চেয়েছি। এখানে প্লাটফর্ম ও সুযোগ দুটোই এসেছে। আমাকে সাহসী হওয়ার প্রয়োজন ছিল এবং এটি কাজ দিয়েছে।’

 

টুর্নামেন্টে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন বোল্ট। গড় ১০.৩৬। ১১ উইকেট নিয়ে সেরা স্থানীয় ক্রিকেটার হয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় ক্যামেরন গ্যানন।


 

মেজর লিগ সকারের অভিষেক আসরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে তিনটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ভারতীয় ব্যবসায়ীরা। তবে সবাইকে ছাপিয়ে শিরোপার স্বাদ পেল নিতা আম্বানির মালিকানাধীন দলটি।