ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে আজ দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৯০.২ ওভারে ৩১৭ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। জবাবে অজি বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে ৬০ ওভারেই সাড়ে তিনশ রান পেরিয়ে যায় ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখার সময় ৬৫ ওভারে সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৬১ রান। বেন স্টোকস ৮ ও হ্যারি ব্রুক ৭ রানে ব্যাট করছিলেন।

 

অজি বোলারদের ওপর সবচেয়ে বেশি চড়াও হন ২৫ বছর বয়সী ব্যাটার জ্যাক ক্রলে। ১৮২ বলে ১৮৯ রান করেন তিনি। ২১ বাউন্ডারি ও ৩ ছক্কায় তিনি সাজিয়েছেন ইনিংসটা। তিনি মঈন আলীকে নিয়ে ১৫২ বলে ১২১ ও জো রুটকে নিয়ে ১৮৬ বলে ২০৬ রানের জুটি গড়েন। আলী ৮২ বলে ৫৪ ও রুট ৯৫ বলে ৮৪ রান করেন।

 

আজ তৃতীয় সেশনে এসে ৫৭তম ওভারে ক্যামেরন গ্রিনের শিকার হন ক্রলে। ততক্ষণে দলের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬/৩।ক্রলের আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ২৬৭। এরপর দ্রুতই আউট হয়ে যান রুটও। তাকে ফেরান জস হ্যাজেলউড।

  

এর আগে ক্রিস ওকস ৫ উইকেট শিকার করে অজিদের ৩১৭ রানে আটকে দেন। স্টুয়ার্ট ব্রড নেন ২টি উইকেট। মার্নুস লাবুশেন ও মিচেল মার্শ উভয়ই ৫১ রান করেন।