এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করার পর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও শঙ্কার মুখে তামিম ইকবালের। জাতীয় দলকেও বিদায় বলে দিয়েছেন আগেই। তামিমের ক্রিকেটার অধ্যায় তাই শেষই বলা চলে। এরই মধ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল।
দেশসেরা এ ওপেনারের অবসর নেয়ার পর তার ক্রিকেট বোর্ডে আসা নিয়ে ব্যাপক গুঞ্জন আছে। এর আগে তামিম অবশ্য কখনই এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। তবে গতকালকের অনুষ্ঠানে ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বিষয়ে কথা বলেছেন তিনি। তামিম বলেছেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা, বিভাগের ক্রিকেটে উন্নতি না করেন, তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’
তামিম বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এ জায়গায় নিয়ে যেতে চাই; আমি অনুরোধ করব, তাদেরকেই সিলেক্ট করা হোক।’
বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আরো বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি, কেউ যখন জেলা বা বিভাগ থেকে ক্রিকেট বোর্ডে আসেন, পরে তারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান। এমন অনেক জেলায় গিয়েছি আমি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না।’
তামিম অবশ্য সরাসরি বলেননি, তিনি বোর্ডে আসছেন কিনা, তবে সম্প্রতি গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।









