গতকাল ঢাকার উত্তরা আর্মড পুলিশ মাঠে ক্লোজডোর অনুশীলন করেছে দলটি। আজ সন্ধ্যা পৌনে ৬টা থেকে ১ ঘণ্টা ম্যাচের ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সিঙ্গাপুর দল।

বাংলাদেশ ও সিঙ্গাপুর আন্তর্জাতিক ফুটবলে প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে। সেই ম্যাচে কাজী মো. সালাউদ্দিনের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র হয়েছিল ১-১ গোলে। ওই মারদেকা কাপ শেষ করেই বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর গিয়েছিল। সিঙ্গাপুরে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। তবে দেশটির যুব দলের কাছে পরের ম্যাচে হেরেছিল ২-০ গোলে।

২০০৭ সালে মারদেকা কাপে আবার দেখা হয়েছিল মালয়েশিয়ায়। সিঙ্গাপুর জিতেছিল ২-১ গোলে। যদিও সেবার মারদেকা কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ ‘বি’ দল। জাতীয় দল একই সময়ে ভারতে ছিল নেহরু কাপে খেলতে। ওই ম্যাচের দীর্ঘ সময় পর ২০১৫ সালের মে মাসে ঢাকায় এসেছিল সিঙ্গাপুর। ঢাকায় এসে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে গিয়েছিল তারা।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের ১০ জুনের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এ ম্যাচ ২০২৭ এশিয়ান কাপে যাওয়ার লড়াই। বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ভারত—এ দলগুলোর গ্রুপ থেকে শীর্ষ দল যাবে মূল পর্বে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে। বাংলাদেশ ড্র করেছে ভারতের বিপক্ষে এবং সিঙ্গাপুর ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। ১০ জুনের ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ভুটানকে এবং সিঙ্গাপুর প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে।