ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থাকবেন কিনা, তা নিয়ে গত মৌসুম শেষ হওয়ার পরই গুঞ্জন শুরু হয়। রেড ডেভিলরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না বলেই রোনালদো চলে যেতে পারেন—এমন গুঞ্জন ওঠে।
পর্তুগিজ সুপারস্টার ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন কিনা, তা নিয়ে কথা বলতেই তিনি আজ বৈঠকে বসছেন ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে।
বিবিসির খবরে বলা হয়, ৩৭ বছর বয়সী সুপারস্টার চান তাকে ছেড়ে দিক ইংলিশ ক্লাবটি। ব্যক্তিগত কারণে তিনি ম্যানইউর প্রাক-মৌসুম ট্যুরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যাননি। এ নিয়ে কোচ বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা আমার ও রোনালদোর মধ্যে। আমি নিশ্চিত করছি, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছিল।
প্রাক-মৌসুম ট্যুরে যাননি, এরপর ক্যারিংটন ওভালে অনুশীলনেও যোগ দেননি। তখন তার ভবিষ্যত নিয়ে গুঞ্জন তৈরি হয়। যদিও তিনি বলেছেন, পর্তুগাল জাতীয় দলের হেড কোয়ার্টারে অনুশীলন করেছেন। এবার ম্যানচেস্টারে উড়ে যাচ্ছেন ভবিষ্যত নিয়ে আলোচনা করতে।
ডাচ কোচ টেন হ্যাগ অবশ্য আগে বলেছেন, রোনালদোকে বিক্রি করা হবে না এবং তিনি তাদের পরিকল্পনাতেই আছেন।
২০০৯ সালে ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। তাকে ৯৪ মিলিয়ন ইউরোয় কিনেছিল রিয়াল, যা ছিল তখনকার বিশ্বরেকর্ড। পরে গ্যারেথ বেলের ট্রান্সফারে সেই রেকর্ড ভেঙে যায়। সেখানে ইতিহাস গড়ে ২০১৮ সালে নাম লেখান ইতালির জুভেন্টাসে। গত মৌসুমে আবার সাবেক ক্লাব ম্যানইউতে ফেরেন তিনি।
গত মৌসুমে ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো এবং প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ। যদিও দলের সামগ্রিক ফল নিয়ে তিনি হতাশ হন। লিগে ষষ্ঠ হয় ম্যানইউ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না ম্যানইউর। তার মান, ওল্ড ট্র্যাফোর্ডে থাকলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলতে হবে রোনালদোকে।








