বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার জাকার্তায় স্বাগতিক
ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারাল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিকে নিয়ে
ইন্দোনেশিয়ায় সপ্তাহধরে উন্মাদনা চললেও তিনি এই ম্যাচে খেলেননি। তবু জিততে সমস্যা
হয়নি লিওনেল স্কালোনির দলের।
সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি না খেললেও জাকার্তার গেলোরা
বুং কার্নো স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। দর্শকরা মেসির কাটআউট নিয়ে মাঠে
হাজির হন। তবে তারা ছিল নিজ দলের সমর্থক। গ্যালারিতে যেন লাল ঢেউ জাগে। অন্তত ৬০
হাজার দর্শক ১৪৯ র্যাংকধারী ইন্দোনেশিয়াকে সমর্থন জানাতে মাঠে এসেছেন।
যদিও ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে খেলতে থাকে
আর্জেন্টিনা। ৩৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পিএসজির মিডফিল্ডা লিয়ান্দ্রো
পারেদেস। তার বুলেট গতির শট উপরের কোনা দিয়ে জালে আশ্রয় নেয়। ৫৫ মিনিটে টটেনহাম
ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর হেড ব্যবধান ২-০ হয়ে যায়।
মেসি ছাড়াও এই ম্যাচে খেলেননি আর্জেন্টিনার মূল দলের
অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি।
উল্লেখ্য, আর্জেন্টিনাকে আনতে অন্তত ৫০ লাখ ডলার খরচ করতে
হয়েছে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে। যদিও মেসি না খেলায় অপূর্ণতা থেকে গেল
তাদের।
৩০ বছর বয়সী পর্যটন কর্মী ফাহরি সাত্রিয়া বলেন, ‘মেসি এলে
আমরা আরো বেশি আনন্দিত, রোমাঞ্চিত হতাম। কিন্তু, এতেও ঠিক আছে।’










