বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বোর্ডের জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচন করেন পরিচালকরা।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর বুলবুলকে গতকাল বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করা হয়। এরপর তিনি সভাপতি নির্বাচিত হন। সদ্যই অপসারণ করা ফারুক আহমেদের জায়গায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে কাজ করবেন সাবেক কৃতী ক্রিকেটার বুলবুল।

গতকাল রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির ১৭তম সভাপতির দায়িত্ব নিয়েছেন বুলবুল। তার নিয়োগকে সমর্থন জানিয়েছেন সভায় উপস্থিত সব পরিচালক। গতকালের সভায় নাজমুল আবেদীন ফাহিমও ফাহিম সিনহাকে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করে বোর্ড।

বুলবুল জাতীয় দলের হয়ে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৯ সালে তার নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।

২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন বুলবুল। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর দেশে কোচিং শুরু করেন। পরে পরিবার নিয়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। এরপর এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্ব সামলেছেন। সর্বশেষ আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি ছিলেন। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে তিনি বিসিবির শীর্ষ পদে আসীন হলেন।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে অব্যবস্থাপনা, বিসিবির এফডিআর অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকে স্থানান্তরসহ নানা বিতর্কে জড়িয়ে সমালোচিত হন ফারুক আহমেদ। এরপর জাতীয় দলের ছন্নছাড়া পারফরম্যান্স তো রয়েছেই। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে বৃহস্পতিবার এনএসসিকে চিঠি দেন আট পরিচালক। এর পরই ফারুক আহমেদকে সরানোর পরিকল্পনা করে সরকার এবং আলোচনায় আসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। পরিচালক হিসেবে মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরানোর বিষয়টি চূড়ান্ত হয়। ওই রাতেই বুলবুলকে বিসিবির পরবর্তী সভাপতি করার প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আগস্টে এনএসসি মনোনীত হয়ে বোর্ড পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন। তখন ফারুক আহমেদকে সভাপতি করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি হন তিনি। নয় মাস পর ক্ষমতাচ্যুত হলেন ফারুক আহমেদ।

ফারুককে অপসারণের আগে বেশ নাটকীয়তা হয়। বুধবার রাতে বৈঠকে ফারুককে সরে যেতে বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ফারুক পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। তখন বিসিবির আট পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এনএসসিকে চিঠি দেন। সেই চিঠিতে ফারুক আহমেদের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরা হয়। এরপর বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি। এতে তিনি বোর্ড পরিচালক ও পরে বোর্ড সভাপতির পদ হারান।