বৃহস্পতিবার ব্রিটিশ সময় রাত ১১টা (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা) পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়। শেষ দিন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে ৮২ মিলিয়ন পাউন্ডে কিনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই চুক্তির মধ্য দিয়ে এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৯০ কোটি পাউন্ড, যা লিগটির ইতিহাসে নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৪০ কোটি পাউন্ডের, যা ২০১৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে হয়েছিল।

 

প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের মধ্যে নয়টিই ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে। কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের অন্য সবকিছুর মতো থমকে গিয়েছিল ফুটবলও। তখন প্রিমিয়ার লিগের দলগুলো বাধ্য হয়েই দলবদলে নীরব ছিল। সবকিছু স্বাভাবিক হয়ে ওঠায় আবারো সামর্থ্য অনুযায়ী শক্তিশালী দল গড়েছে প্রতিটি ক্লাব।

 

এবারের দলবদলে একাধিক রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগ। যেমন, লা লিগা, সিরি-এ ও বুন্দেসলিগার সম্মিলিত ব্যয়ের চেয়েও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এবার বেশি ব্যয় করেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে একটি ক্লাব হিসেবে সর্বোচ্চ ব্যয় করেছে চেলসি, যে ক্লাবটি রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ যুগ পেরিয়ে এখন নতুন মালিকের অধীনে পরিচালিত হচ্ছে।

 

আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের গ্রীষ্মকালীন ব্যয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। একটি গ্রীষ্মকালীন দলবদলে যেকোনো ব্রিটিশ ক্লাবের চেয়ে বেশি খেলোয়াড় সই করিয়েছে নবাগত নটিংহ্যাম ফরেস্ট।