বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকায় আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি ওয়ানডে দলের নেতৃত্বভার গ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে আগামী ১২ মাসের জন্য দায়িত্ব পেয়েছেন মিরাজ।
নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেবেন মিরাজ। এর আগে তিনি শান্তর ডেপুটি ছিলেন। ২৭ বছর বয়সী মিরাজ এর আগে শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।
মিরাজকে নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাট-বলে ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার মানসিকতা, দলকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার সামর্থ্য এবং মাঠে ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি মিরাজকে ক্রান্তিকালীন এ সময় ওয়ানডে অধিনায়কের পদে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে নিয়ে এসেছে। এ ফরম্যাটে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার মতো টেম্পারমেন্ট ও পরিপক্কতা তার মধ্যে আছে বলে আমরা মনে করি।’
শান্তকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘খেলার মধ্যে ইতিবাচক ও লড়াকু মানসিকতা নিয়ে আসার জন্য আমরা শান্তকে ধন্যবাদ দিতে চাই। সে দলের নেতৃত্ব দানকারী গ্রুপের অংশই থাকবে এবং তার ব্যাটিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাও আমরা জানি।’
১০৫টি ওয়ানডে ম্যাচে ১ হাজার ৬১৭ রান করার পাশাপাশি ১০৫টি উইকেট নিয়েছেন মিরাজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তার আগে ওয়ানডেতে হাজার রান ও একশ উইকেটের কীর্তি আছে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন মিরাজ।
ওয়ানডে অধিনায়ক হওয়ার অনুভুতি প্রকাশ করে মিরাজ বলেছেন, ‘বোর্ড যে আস্থা রেখেছে, তা আমার জন্য অনেক বড় সম্মানের। যেকোনো ক্রিকেটারের জন্যই দেশকে নেতৃত্ব দেয়াটা বিরাট ব্যাপার। বোর্ড আমার ওপর আস্থায় রাখায় অশেষ কৃতজ্ঞতা। এ দলটির ওপর আমার পুরোপুরি ভরসা রয়েছে। দলটিতে মেধাবী ক্রিকেটার রয়েছে এবং আমরা নির্ভীক ক্রিকেট খেলতে সক্ষম। আমি আশা করব, সবাই আত্মবিশ্বাস নিয়ে, বাধাহীন ক্রিকেট খেলে যাব।’









