আজ সন্ধ্যায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সালেরনিতানার মুখোমুখি হওয়ার কথা ছিল নাপোলির।
এই ম্যাচটি জয়ের পর তাদের রোববারের ইন্টার মিলান-লাৎসি ম্যাচের অপেক্ষায় থাকতে
হতো। কেননা ইন্টারের মাঠে লাৎসিও জিততে ব্যর্থ হলেই ৩৩ বছর পর শিরোপার উৎসব শুরু
হবে নেপলসে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে একদিন পেছানো হলো নাপোলির ম্যাচটি। এটি আগামীকাল
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। তার আগেই ইন্টার-লাৎসিও ম্যাচ শেষ হয়ে
যাবে। তাই নাপোলি কালই শিরোপা উৎসব করবে কিনা, সেটি তারা নিজেদের ম্যাচের আগেই
জেনে যাবে।
মূলত নেপলস শহরের কর্মকর্তাদের অনুরোধেই সিরি-এ
কর্তৃপক্ষ আজকের ম্যাচটি সরিয়ে আগামীকাল নিয়েছে। শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায়
রাখার স্বার্থেই তারা এই অনুরোধ জানায়। আজ শনিবার নেপলসে কমিক বুক কনভেনশনের
আরেকটি কর্মসূচিতে বিশাল জনসমাবেশ হবে। পাশাপাশি নাপোলির ম্যাচ থাকলে তাদের জয়
শেষে সমর্থকরা উদযাপনে মত্ত হতেন। একই সঙ্গে দুটি জনসমাগম ঘটলে তার নিরাপত্তা দিতে
পুলিশকে হিমশিম খেতে হবে। তাছাড়া, রোববার নাপোলির শিরোপা জয় নিশ্চিত হলে সেদিনও সমর্থকরা
রাস্তায় নেমে উদযাপন করবেন। এতে পুলিশকে দুদিন নিরাপত্তা দিতে দ্বিগুণ পরিশ্রম করতে
হবে, লাগবে বাড়তি জনবল। এ কারণেই ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে। নেপলসের প্রিফেক্ট
ক্লদিও পালোমবা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মাত্র দুবার সিরি-এ শিরোপা জয় করে নাপোলি। ১৯৮৭
ও ১৯৯০ সালে নেপলস শহরে লিগ শিরোপা জয়ের উৎসব হয়েছে। দুবারই তাদের শিরোপার রূপকার
ছিলেন আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনা, যিনি গত বছর মারা গেছেন। ৩৩ বছর পর
নেপলসে শিরোপা যাচ্ছে।
আগামীকাল নাপোলির শিরোপা নিশ্চিত হলে রেকর্ড গড়বে
দলটি। কেননা অতীতে কোনো দল ছয় ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা জিততে পারেনি।










