সিলেট টেস্টে বাংলাদেশের ১৯১ রানের জবাবে সফরকারী জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিলেও সফরকারীরা ৮২ রানের লিড তুলে নিতে সমর্থ হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩ রান তুলেছে।
২০২২ সালের পর ঘরের মাঠে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মিরাজ। ৫২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া পেস বোলার নাহিদ রানা ৭৪ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট পান হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেয়ার পর বিনা উইকেটে ৬৭ রান নিয়ে রোববার প্রথম দিন মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। আজ সোমবার দ্বিতীয় দিন প্রথম সেশনে নাহিদ রানার গতিতে এলোমেলো অতিথিরা। এ সময় তারা ৪টি উইকেট হারায়। দলটি ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলে লাঞ্চের বিরতিতে যায়। নাহিদ রানা একাই নেন ৩টি উইকেট, বাকিটা নেন হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনে তারা হারায় আরো ২টি উইকেট। ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এরপর টানা ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে অলআউট করেন মিরাজ। এ নিয়ে ১১তম বারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
মিরাজের চোখ রাঙানির মধ্যেই শেষ দিকে রিচার্ড এনগারাভা (২৮*) ও ব্লেসিং মুজারাবানি (১৭) মূল্যবান কিছু রান যোগ করে জিম্বাবুয়ের লিড বাড়িয়েছেন।









